
নোয়াখালীর চাটখিল উপজেলায় শ্বশুরবাড়িতে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দক্ষিণ আটিয়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম শামিম (২৬)।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে সাইফুল তার স্ত্রীকে পরপুরুষের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা ও পরকীয়ায় আসক্তির প্রতিবাদ করে আসছিল। পরে তার স্ত্রী বেড়ানোর কথা বলে শ্বশুরবাড়ি গেলে রোববার (২৬ ডিসেম্বর) তাকে আনতে যায় সাইফুল। এ সময় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিষপান করেন সাইফুল। ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন সাইফুলকে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুলের চাচাতো ভাই মো. ফয়েজ বলেন, স্ত্রীকে আনতে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে বেদম মারধর করে। বিষয়টি তখন ফোনে আমাকে জানায় এবং কিছু হলে স্ত্রী ও তার পরিবারের লোকজন দায়ী থাকবে বলে বলেছিল।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, সাইফুল ইসলামের বাবা চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/টিআই




