
পারিবারিক কলহের জের ধরে বরগুনার পাথরঘাটা উপজেলায় মো. জয়নাল মাঝি (৫৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জয়নাল একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে জয়নালের পরিবারে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে নিজ বসতঘরে বিষপান করেন তিনি। এ সময় টের পেয়ে জয়নালের দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম ও তার ছেলে জামালসহ প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জয়নালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করেছেন জয়নাল। মর্গের প্রতিবেদন ও তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমআই/টিআই




