
সিরাজগঞ্জের চৌহালিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সংঘর্ষে জাকির হোসেন (৪০) নামে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে চৌহালি উপজেলার কুরকী গ্রামের আব্দুল বারিক মোল্লার ছেলে।
চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, রবিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খাসকাউলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুরকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফুটবল প্রতীকের সদস্য প্রার্থী আব্দুল হাকিমের সমর্থক ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় টিউবওয়েল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেনের চারজন সমর্থক আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কৃষক জাকির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ওসি।
এমএন/এসকে




