
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভসহ দুইজন নিহত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া ও রোববার দিবাগত রাতে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা দুটি ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ায় দিকে যাচ্ছিলেন। এ সময় দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে শিক্ষার্থীসহ চারজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়াজুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার হানসোল গ্রামের মো. শামসুল ইসলামের ছেলে।
এ ঘটনার পর বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোনাপাড়া মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। ফলে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এ সময় শিক্ষার্থীরা দোলা কাউন্টার ভাঙচুর করে।
অপরদিকে, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, নিহত শাজাহান মুন্সী (৭৫) ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মুকসুদপুরের গেড়াখোলা বাসস্ট্যান্ডে নেমে মহাসড়ক পার হতে গেলে একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত শাজাহান মুন্সী মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামের ইনতাজ মুন্সীর ছেলে।
এনএইচ




