
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা পিটিয়ে তিনজনকে আহত করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ভূমি অফিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় আহত ব্যবসায়ীর আত্মীয় দীপা বড়ুয়া জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে ব্যবসায়ী রিমন বড়ুয়া পরিবার নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকার যোগে চট্টগ্রামের জামালখান যাচ্ছিলেন। প্রাইভেটকারটি মহাসড়কের সীতাকুণ্ড ভূমি অফিস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় ৪ থেকে ৫ জন ব্যক্তি এর গতিরোধ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।
তিনি আরও জানান, এ সময় গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা রিমন বড়ুয়া, তার স্ত্রী পাপিয়া বড়ুয়া ও চালককে পিটিয়ে আহত করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। এলাকাটি পার্শ্ববর্তী মিরশরাই থানা এলাকায় হওয়ার কারণে আজ বুধবার (২৯ ডিসেম্বর) আবারও ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএম/এসকে




