
বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের ৩ সদস্য।
এ ঘটনায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে হামলায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন শেখ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেছেন।
এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী সাইফুল মোল্লাকে (৩৯) গাঁজাসহ আটকের সময় সাইফুল ও তার স্বজনরা পুলিশের ওপর এ হামলা চালায়। পরে হামলার ঘটনায় ওই রাতেই সাইফুল মোল্লাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন, বাগেরহাট মডেল থানার এসআই মামুন শেখ, এএসআই কবির হোসেন ও কনস্টেবল ইসরাফিল হোসেন।
আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের সাইফুল মোল্লা (৩৯), সাইফুলের প্রতিবেশী শহিদুল ইসলাম (২৯) ও চম্পা আক্তার (২৫)। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে ঘটনার সময় সাইফুলের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ সদস্যরা। অন্যদিকে গাঁজা উদ্ধারের ঘটনায় সাইফুল মোল্লাসহ দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা উদ্ধার করে সাইফুল মোল্লাকে আটকের সময় পুলিশের ওপর হামলা করে তার লোকেরা। এতে আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আহতদের বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে। আটক তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
জিএম/এসকে




