
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে দোকান মালিকসহ আটজন আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ৪টায় উপজেলার লামনিরহাট-বুড়িমারী মহাসড়কের দিঘির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-উপজেলার সিংগীমারী গ্রামের সবু শেখের ছেলে ও দোকানমালিক আবদুল জলিল (৩৫), একই উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের আকবর আলীর ছেলে নূর মোহাম্মদ (২৮), লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকার আয়নাল হকের ছেলে পথচারী মজিদুল ইসলাম (৩০) এবং ওই এলাকার আইয়ুব আলীর ছেলে পথচারী আরিফুল ইসলাম (২৫)।
আবু সুফিয়ার রিপন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমিসহ আরও দুজন ওই দোকানে পান খেয়ে পাশে দাঁড়াই। এ সময় পাটগ্রাম থেকে ছেড়ে আসা বিনোদন (লালমনিরহাট-জ ১১-০০০১) নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ওই দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে দোকানের ভেতর থাকা মালিকসহ দুজন ও দুই পথচারী আহত হন। বাসের ধাক্কায় মুদি দোকানটি ও পাশের একটি সাইকেলের পার্টসের দোকান দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোজকন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান রায় বলেন, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম বলেন, ঘটনাস্থল থেকে আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এমআই/টিআই




