
কুড়িগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পুরো দিন বেড়েছে শীতের তীব্রতা।
গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানায়। ফলে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের জীবনযাত্রা।
প্রচণ্ড ঠান্ডায় গরু ছাগলসহ বিভিন্ন গবাদি পশুরাও দুর্ভোগে পড়েছে। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র নিম্ন আয়ের মানুষসহ সব অসহায় মানুষদের।
এসব মানুষের অধিকাংশই অল্পমূল্যে শীতের কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের দোকানে।শীতজনিত ডায়েরিয়া ও সর্দিকাশি জ্বরসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এখন পর্যন্ত সরকারিভাবে ৯ উপজেলায় ৩৫ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে ভুক্তভোগীরা জানান।
এমআই/টিআই




