
যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় লক্ষ্মীপুরে একটি হেলিকপ্টার ফসলি মাঠে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের একটি ধানক্ষেতে হঠাৎ ওই হেলিকপ্টারটি অবতরণ করলে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত সেটি ওই ধানক্ষেতেই অবস্থান করেছিলো বলে জানা গেছে।
এ বিষয়ে হেলিকপ্টারের পাইলট কোন মন্তব্য করেননি। তবে ঢাকা থেকে অন্য আরেকটি হেলিকপ্টার এসে যান্ত্রিক ত্রুটি মেরামতের কথা রয়েছে।
স্থানীয় স্কুল শিক্ষক লুৎফর রহমান আরটিভি নিউজকে বলেন, বিকেলের দিকে স্কয়ার কোম্পানির একটি হেলিকপ্টার ৪ জনকে নিয়ে একটি ধান ক্ষেতে অবতরণ করে। সেখানে থাকা তিনজন যাত্রী হেলিকাপ্টারটি ভাড়া করে নোয়াখালীর হাতিয়াতে যান। সেখান থেকে ফেরার পথে লক্ষ্মীপুরের আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক অবতরণ করেন। কপ্টারে থাকা যাত্রীরা সড়ক পথে তাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা হন বলে জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন আরটিভি নিউজকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার ফসলি মাঠে অবতরণ করেছে। সেখানে পুলিশ পাঠিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সকাল পৌনে ৭টার দিকে সেটি পুনরায় উড্ডয়ন করে।
এমআই




