
টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আসাদুজ্জামান নামের এক ট্রেন যাত্রীর নাক ফেটে যাওয়ায় গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আসাদুজ্জামান নিজেকে তেজগাঁ কলেজের প্রভাষক ও গ্রামের বাড়ি সরিষাবাড়ি বলে জানিয়েছেন। এদিকে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পাথর নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল স্টেশনের স্টেশন মাস্টার সোহেল মিয়া আরটিভি নিউজকে জানিয়েছেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া একই সময়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাতেও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।




