
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন চ্যানেলের মুখ থেকে শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং। তিনি মাতারবাড়ী বন্দরে কর্মরত ছিলেন।
আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান।
তিনি জানান, ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন চ্যানেলের মুখে টাগশিপডুবির ঘটনা ঘটে। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ডের ডুবুরিরা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ।




