
জেলেপাড়ার তরুণী মারুফা খাতুন ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও তার ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের মৎস্যজীবী আজিত বিশ্বাস ও গৃহিণী তাছলিমা বেগমের বড় মেয়ে মারুফা খাতুন। তিনি ২০১৯ সালে তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে তালা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন মারুফা। এসএসসি ও এইচএসতিতে জিপিএ-৫ পেয়েছেন তিনি।
মারুফা খাতুন জানান, আমরা খুব অভাবী মানুষ। বাবা নদীতে মাছ ধরে সংসার চালান। খুব কষ্ট করে পড়িয়েছেন আমাকে। মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি ঠিকই, কিন্তু ভর্তির টাকা বাবার কাছে নেই। বাবার এই টাকা জোগাড় করার সামর্থও নেই। বাবা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কোনো রকমে খেয়ে না-খেয়ে সংসার চলে যায়।
তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় তালা মহিলা কলেজের কৃতিছাত্রী মারুফা সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তার মেরিট পজিশন ৩৫৩৪।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস বলেন, গরিব কোনো শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষ থেকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে একাডেমিক কাউন্সিল থেকে সামান্য কিছু সুযোগ নিতে পারবে গরিব শিক্ষার্থীরা। এখনও মেডিকেলে ভর্তির কোনো দিনক্ষণ ঘোষণা হয়নি।
এ ছাড়া তালা মহিলা কলেজে থেকে সুপ্রিতা রায় প্রিতু ৭৮ দশমিক ৫ স্কোর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন।
সুপ্রিতা রায় প্রিতু বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। স্বপ্ন পূরণে একধাপ সামনে এগোলাম। বাবা-মা, শিক্ষক সহ এই দীর্ঘ সময় পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।




