
বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রামে বাড়ি নির্মাণের জন্য ভিত খননের সময় মাটির নিচে ৫ মণ ওজনের একটি গরুর মূর্তি পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল ) দুপুরে মাটির নিচে পাওয়া সেই গরুর মূর্তি দেখার জন্য শত শত মানুষের ভিড় জমে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিস আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মূর্তিটি কিসের তৈরি এবং সেটি মূল্যবান কিনা তা প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে খতিয়ে দেখার জন্য তিনি শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে নির্দেশ দিয়েছেন।
সাজাপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শাহীন আলম আরটিভি নিউজকে জানিয়েছেন, ওই গ্রামের ষাটোর্ধ্ব কৃষক বকুল মিয়া একটি বাড়ি নির্মাণের জন্য ভিত খোঁড়ার কাজে কয়েকজন নির্মাণ শ্রমিককে নিয়োগ দেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা হঠাৎ মাটির নিচে শক্ত কিছু একটার অস্তিত্ব টের পান। পরে তারা সেখানে সতর্কতার সঙ্গে খোঁড়ার পর প্রায় ৪ ফুট নিচে একটি গরুর মূর্তি দেখতে পান। এর পরই সেখানে শত শত লোকজন ভিড় করেন। নির্মাণ শ্রমিক কলিম উদ্দিনের ধারণা সেটি সিমেন্টের তৈরি। মূর্তিটির ওজন প্রায় ৫ মণ। খবর পেয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ এবং স্থানীয় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ আরটিভি নিউজকে জানিয়েছেন, মূর্তিটি কিসের তৈরি এবং সেটির প্রত্নতাত্ত্বিক কোনো গুরুত্ব রয়েছে কিনা সেটি দেখার জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সযোগিতা নেওয়া হবে।
তিনি বলেন, প্রত্নতত্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে নির্দেশ দেওয়া হয়েছে।




