
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নের ছুরিকাঘাতে আফজাল হোসেন রায়হান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নারান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন রায়হান নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
ঘাতক ভাগ্নে জাহিদুল ইসলাম মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, জাহিদুল ইসলাম মহসিন দুই মাস আগেও মামা আফজাল হোসেন রায়হানের ওপর হামলা চালান। সে সময় প্রাণে বেঁচে যান রায়হান। বৃহস্পতিবার সন্ধ্যার আগে টিউবওয়েলে ওজু করতে গেলে মামাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মহসিন। রায়হানকে পরিবারের লোকজন উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রায়হান উদ্দিনের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।




