
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পূর্বপাড়ার যৌনপল্লির ১৪শ’ পরিবারের মাঝে ‘উত্তরণ ফাউন্ডেশন’–এর উদ্যোগে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় এ মাংস বিতরণ করা হয়।
রোববার (১০ জুলাই) বিকেলে দৌলতদিয়া রেলস্টেশন চত্বরে ১৪শ’ যৌনকর্মীর মাঝে এক কেজি করে মাংস বিতরণ করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান উপস্থিত থেকে এসব মাংস বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈনউদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. সেলিম মুন্সী, দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদের দিন মাংস পেয়ে আনন্দিত যৌনকর্মীরা জানান, দৌলতদিয়ার এসব পরিবার এ নিয়ে তিনবার কোরবানির মাংস পেয়েছে। এর আগে এভাবে কখনই তাদের মাংস দেওয়া হয়নি। করোনা ও বন্যার ভয়াবহতার মধ্যে যখন এখানকার বাসিন্দারা অসহায়, তখন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান মাংস বিতরণ করে এখানকার অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন।
মাংস বিতরণ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাসরত ১৪শ’ পরিবারের মাঝে এক কেজি করে কোরবানির মাংস উপহার দিয়েছেন।




