বুলবুল হত্যা : আদালতে স্বীকারোক্তি কামরুল ও হাসানের

শাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ , ১০:৫৫ পিএম


বুলবুল হত্যা : আদালতে স্বীকারোক্তি কামরুল ও হাসানের
ছবি : আরটিভি নিউজ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কামরুল ইসলাম ও মোহাম্মদ হাসান।

সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট সুমন ভূঁইয়ার আদালতে বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ দেবু। 

বুধবার বিকেলে এই মামলার অপর আসামি আবুল হোসেন একই আদালতে জবানবন্দি দেন।

বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

ক্যাম্পাসের গাজীকালুর টিলা এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় বুলবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ২২ বছরের বুলবুল লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি নরসিংদীতে।

বুলবুল আহমদ খুনের ঘটনায় ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলন করে বুধবার সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ছিনতাই করতেই বুলবুলকে হত্যা করেছেন এই তিনজন। তাদের মধ্যে কামরুলের বাড়ি থেকে বুলবুলের মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission