
রাজধানীর বনশ্রীতে সামাজিক সংগঠন সমমনা পরিষদের পক্ষ থেকে এসএসসি-২০২২ সালের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের স্মারক উপহার ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার বনশ্রীতে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বনশ্রীর সমমনা পরিষদের পক্ষ থেকে মোট ৮০ জন কৃতী শিক্ষার্থীকে স্মারক উপহার ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমমনা পরিষদের নেতা রেজওয়ান কচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমমনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন শিকদার বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষর্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আমাদের আজকের আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা-মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না।
সমমনা পরিষদের নেতা সাইফুদ্দিন বিটুর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য ও শিক্ষার্থীদের উদ্দেশে কবিতা আবৃত্তি করেন এম এ করিম। এ ছাড়াও সমমনা পরিষদের সব সদস্য এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।




