
নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলহের জেরে সোহাগী খাতুন (৩০) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খুবজীপুর ইউনিয়নের নাছির উদ্দিনের স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত পৌনে ১২টায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে উপজেলার বামনকোলা গ্রামের রতন আলীর ছেলে আব্দুর রহিম (৩০) ও তার স্ত্রী রেশমা খাতুন (২২) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার বিকেলে স্ত্রী রেশমা স্বামীর ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
স্ত্রী হারানোর আশঙ্কায় স্বামী রহিমও তার কিছুক্ষণ পরে বিষপান করেন। ওই দম্পতি গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা আশঙ্কাকামুক্ত বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফা আফরোজ বানু জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে প্রায়ই এসব ঘটনা ঘটছে।




