
যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বউবাজার এলাকায় এক কিশোর ফাঁস দিয়ে মারা গেছে। এ খবর শুনে তার প্রেমিকা (১৪) হাত কেটে ও তুঁতে খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
সোমবার (৮ আগস্ট) সকালে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিমান তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৭ আগস্ট) এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বউবাজার এলাকার তোরাব আলী ফরাজির ছেলে মহিম হোসেন ফরাজি (১৭)। তার প্রেমিকাও একই এলাকার বাসিন্দা।
নিহতের আত্মীয়রা জানান, মহিম শনিবার (৬ আগস্ট) দুপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে যায়। এ সময় প্রেমিকার স্বজনরা তাকে ধরে মারপিট করে। পরে এ অপমান সহ্য করতে না পেরে রোববার (৭ আগস্ট) ভোরে নিজ বাড়িতে কাঁঠাল গাছের সঙ্গে ফাঁস দিয়ে মাহিম মারা যায়। অন্যদিকে রোববার দুপুরে মহিমের মৃত্যুর সংবাদ জানতে পারে প্রেমিকা। এ সময় সেও আত্মহত্যার চেষ্টা করে। পরে অসুস্থ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিমান তরফদার বলেন, এ সংবাদ শুনে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহতের পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে মহিম আত্মহত্যা করেছে। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।




