
চা বাগানের মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন মজুরি ১৭০ টাকা ঘোষণায় আগামীকাল থেকেই কাজে যোগ দেবেন চা-শ্রমিকরা।
শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এ তথ্য নিশ্চিত করেছেন।
চা-শ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রী ও চা বাগান মালিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক মজুরি নির্ধারণ হওয়ার খবরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আন্দোলনরত চা-শ্রমিকরা। একই সঙ্গে মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে হাজারো সাধারণ চা-শ্রমিকদের উল্লাস করতে দেখা যায়।
এদিকে সাধারণ চা-শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও একে ওপরকে মিষ্টি খাওয়ান। তাদের প্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী দাবিকৃত মজুরির একটি সুন্দর সমাধান হওয়ায় এখন কাজে ফিরবেন বলে তারা জানান।
চা-শ্রমিক দুলাল হাজরা বলেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাই মেনে নেব। আমরা এখন বাগানের জন্য কাজ করব। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের সঙ্গে কথা বলবেন, আমারা আশাকরি তিনি আমাদের বাকি দাবিগুলো মেনে নিবেন।
চা শ্রমিক শিলা ভূঁইয়া বলেন, আমারা দীর্ঘদিন ধরে খেয়ে না-খেয়ে আন্দোলন করেছি। এখন প্রধানমন্ত্রী আমাদের মজুরি ১৭০ টাকা দিয়েছেন। আমরা খুশি। আগামীকাল থেকে আমরা কাজে নামব।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, আমরা আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন আমরা তা মেনে নিব। যেহেতু প্রধানমন্ত্রী মালিকদের সঙ্গে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। তাই আমরা আগামীকাল থেকেই কাজে যোগদান করব।




