
খাগড়াছড়ির গুইমারায় প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) হত্যার প্রতিবাদে আগামীকাল রোববার (৪ সেপ্টেম্বর ) গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
শনিবার (৩ সেপ্টেম্বর ) সংবাদমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তিনি অবরোধ কর্মসূচি সফল করতে সব যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন।
অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।
উল্লেখ্য, শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার সময় গুইমারার দেওয়ান পাড়া এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুনকে গুলি করে হত্যা করে।




