
লক্ষ্মীপুর সদর উপজেলায় ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ও তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো. হানিফ (৬৫) কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার বাসিন্দা। আহত বেলালের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, হানিফ মঙ্গলবার বিকেলে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বেলাল আহত হন। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মঙ্গলবার বিকেলে বজ্রপাতে একজন মারা গেছেন। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




