
কক্সবাজারের রামুতে বজ্রপাতে এক দিনমজুরের তিনটি গরু ও একটি ছাগল মারা গেছে। গরুগুলো হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র নূর আহমদ।
বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল দরগাহপাড়া এলাকায় ঘটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দরিদ্র নূর আহমদ দিন ফেরানোর আশায় দুটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনটি বাছুর ও একটি ছাগল কেনেন। এরপর এগুলো মোটাতাজা করে বিক্রি করার পর ঋণ পরিশোধ করবেন এবং নতুন করে আবারও বাছুর কিনে পালন করবেন—এমনটিই স্বপ্ন ছিল তার। এখন মৃত গরুগুলোকে জড়িয়ে ধরে কেবল বিলাপ করছেন দরিদ্র নূর। ঋণ শোধের দুশ্চিন্তায় পরিবারের অন্য সদস্যরাও আহাজারি করছেন।
খবর পেয়ে বিকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা ক্ষতিগ্রস্ত নূর আহমদের বাড়ি যান। এ সময় তিনি নূরকে সান্ত্বনা জানিয়ে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা দেন। ইউএনওর সঙ্গে আরও ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারাও। কর্মকর্তারা জানান, বজ্রপাতে তিনটি গরু ও একটি ছাগলের মৃত্যুতে পরিবারটির অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।




