
পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ছিনতাইকারীরা।
শনিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীর সাহসিকতায় তারা টাকা নিতে পারেনি।
ভুক্তভোগী শামস ইকবাল সদর উপজেলার মালঞ্চি গ্রামের বাসিন্দা। তিনি শামস গ্রামীণ ফোনের আঞ্চলিক ডিলার।
গুলিবিদ্ধ শামস জানান, শনিবার রাতে আতাইকুলা এলাকা থেকে ব্যবসায়িক লেনদেনের ১৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে পাবনায় ফিরছিলেন। এ সময় রাজাপুর এলাকায় একটি এলপিজি গ্যাস স্টেশনের সামনে পেছন থেকে হানা দেওয়া মোটরসাইকেল আরোহীরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি দ্রুত সামনে এগিয়ে গেলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বাম হাতে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি না থেমে সামনে এগিয়ে গেলে ছিনতাইকারীরা সরে পড়ে।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল জানান, শনিবার রাতে এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি আশংকামুক্ত। ইতোমধ্যে এ ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।




