
শরীয়তপুরে সখিপুরের চরভাগা, কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে পদ্মা নদী ভাঙনরোধে ৫৫২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকার স্থায়ী বাঁদ প্রকল্পের অনুমোদন দেয়ায় ভেদরগঞ্জের সখিপুরে আনন্দ-উচ্ছ্বাস বইছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের অনুমোদন দিয়েছেন। সখিপুরবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা বলছেন, প্রায় ৫০ বছর যাবৎ আমরা পদ্মার ভয়াল নদী ভাঙ্গন কবলে পরে অনেকেই অনেক কিছু হারিয়েছি। এবার পানি সম্পদ উপমন্ত্রী ও আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম’র প্রচেষ্টায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে চরভাগা, কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে পদ্মা নদী ভাঙনরোধে স্থায়ী প্রকল্প অনুমোদন দিয়ে আমাদেরকে ভাঙ্গনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষার ব্যবস্থা করেছে।
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া থেকে চরমোহন পর্যন্ত নদীভাঙা রোধকল্পে ৫.৮০০ কিমি এলাকার জন্য ৫৫২ কোটি ৪৮ লক্ষ ৭১ হাজার টাকার স্থায়ী প্রকল্প অনুমোদন দিয়েছেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ প্রকল্পে শরীয়তপুরের নড়িয়ার মতো নদীভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে সখিপুরের মানুষ। শরীয়তপুরকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করেছে এই প্রকল্প।




