
বান্দরবানের আলীকদম উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে আলীকদম সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সংবাদ দিলে ফায়ার সার্ভিসের আলীকদম ও লামার দুটি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুনে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।
আলীকদম ফায়ার সার্ভিসের স্টেশন ফায়ার ফাইটার শাহদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মেহরুবা ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।




