
জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন আচরণ বিধিমালা লঙ্ঘন করে একটি কেন্দ্রে প্রবেশ করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
সোমবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া এম. কে অনার্স কলেজ কেন্দ্রে নেতাকর্মীসহ যান তিনি। এ সময় সেখানে তিনি বেশ কিছুক্ষণ অবস্থানও করেন।
এ বিষয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সংবাদমাধ্যমকে বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি কেন্দ্র ঘুরে দেখেছি। অল্প কিছুক্ষণ অবস্থান করেই চলে এসেছি। সুস্থ, সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে। আমি কাউকেই প্রভাবিত করিনি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, নির্বাচনি বিধিমালায় সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য বা তাদের সমমর্যাদার কোনো ব্যক্তির ক্ষেত্রে উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন চলাকালীন কোনো ধরনের প্রচারণায় অংশগ্রহণ না করা সংক্রান্ত নির্দেশনা আছে।
তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সংসদ সদস্য কোনোভাবেই ভোটকেন্দ্রে যেতে পারেন না।




