
বাগেরহাটে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাত থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া চলছে। এতে উপকূলীয় মানুষের মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। একই সঙ্গে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার মো মহিউদ্দিন জামান জানান, স্থানীয়দের সাবধান করতে মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে তাদের নিরাপদে থাকতে অনুরোধ করা হচ্ছে। বঙ্গোপসাগর ও বিভিন্ন নদ-নদীতে থাকা নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরও জানান, বঙ্গোপসাগরের উপকূলে ঝুঁকির মধ্যে থাকা বাসিন্দাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সতর্ক করা হয়েছে। যদি ঘূর্ণিঝড় আমাদের এলাকায় আঘাত হানে, তাহলে তাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র যেতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, সিত্রাং মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ৩৪৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ২৯৮ টন চাল ও নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন দেখা দিলেই সংশ্লিষ্ট এলাকার ইউএনওদের বিতরণের নির্দেশনা দেওয়া হবে। ইতোমধ্যে উপকূলীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।




