
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ডাকা লালমনিরহাটে বাস ধর্মঘট চলছে।
শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে বিএনপির সমাবেশের দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। এদিকে ধর্মঘটের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে শত শত পণ্যবাহী ট্রাক শুক্রবার সকাল থেকে আটকে আছে।
মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে রংপুর জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক জানান, মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।এতে লালমনিরহাট থেকে রংপুরের পথে বাস-ট্রাক চলাচল বন্ধ আছে; ঢাকাগামী বাসও বন্ধ।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। ধর্মঘটের কারণে বিএনপির রংপুর বিভাগের আজকের সমাবেশে যোগ দিতে বিকল্প উপায়ে বাইসাইকেল, অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ঘোড়ার গাড়িতে করে সমাবেশস্থলে যাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।




