
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
রোববার (৬ নভেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা সবাই পলাতক।
নিহত লাভলী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সুজন মিয়া (৩৫)।
এলাকাবাসী জানায়, বিভিন্ন বিষয়ে লাভলী আক্তারের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার শ্বশুর বাড়ির লোকদের। শনিবার রাত ১টার দিকে কয়েকদফা ঝগড়া হয়ে তাদের। রোববার ভোরে আবারও ঝগড়ার শব্দ শুনতে পায় প্রতিবেশীরা। পরে সকালে লাভলী আক্তারের শোবার ঘরে গলা ও শরীরে ছুরির আঘাতপ্রাপ্ত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রায়পুরা থানার এসআই আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। স্বামীসহ সবাই পলাতক রয়েছে।




