
নরসিংদীতে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেন নরসিংদী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর ও ভিরিন্দা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালানো ইটভাটাগুলো হলো- ভিরিন্দা ও কাজৈর গ্রামে অবস্থিত মেসার্স ফারুক ট্রেডার্স ১ ও ২, মেসার্স হাজী রফিজ উদ্দিন ট্রেডার্স এবং মেসার্স মুগ্ধ ট্রেডার্স।
ফয়জুন্নেছা বলেন, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। পরিবেশগত ছাড়পত্র না থাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোকে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানাসহ প্রায় ২ লক্ষাধিক কাঁচা ইট নষ্ট করা হয়।
তিনি বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী উপপরিচালক শরিফুল ইসলামসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




