
আগামী ডিসেম্বরের আগে মামুনুল হককে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জালালুদ্দীন আহমাদ বলেন, দেশে আল্লাহ ও রাসুলের নির্দেশ মোতাবেক কোরআনের শাসনব্যবস্থা নিশ্চিত করতে হবে। যে রাষ্ট্র ধর্ষণের আইন জানে না তারা আবার কীভাবে ধর্ষণের বিচার করে।
তিনি বলেন, আল্লাহর খেলাফত বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। আগামী ডিসেম্বরের আগে মামুনুল হককে মুক্তি না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. লিয়াকত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা কোরআন আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ আবদুর রহিম প্রমুখ।




