
কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তলসহ আবদুল আমিন ওরফে জিসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
শনিবার (১২ নভেম্বর) বিকালে টেকনাফের নাজিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আবদুল আমিন (২৫) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মো. ইউনুসের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ওই এলাকায় অস্ত্রধারীর খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ জিসানকে আটক করা হয়।
তিনি জানান, ওই ব্যক্তির ব্যবহৃত একটি পালসার মোটরবাইকও জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছে।




