
রাজশাহী নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় পদ্মায় নৌকাডুবির ঘটনায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহী নৌপুলিশের ওসি ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পবা উপজেলার দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।
জানা গেছে, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। পরে বিকেলে খড় কেটে একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। এ সময় ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন রাশেদা ও আসিয়া। পরে একই দিন সন্ধ্যায় ওই এলাকায় পদ্মার ধারে পানিতে দুজনকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি ওবাইদুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় মরদেহ রামেক হাসাপাতলের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




