
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ফাঁকা গুলিতে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) পুলিশ ফাঁড়িতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান। এর আগে একই দিন রাত ৮টায় নগরীর কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালুরঘাটে মাদক ব্যবসা করে আসছে হানিফ ও তার সহযোগীরা। শনিবার রাতে হানিফ ও দেলোয়ারকে আটক করার পর হানিফের বোন নাজমার নেতৃত্বে বেশকিছু যুবক কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশের 'রেলওয়ে মুরিং ঘাটে অবস্থান নেয়। সেখান থেকে যুবকদের হিজড়া সাজিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। দীর্ঘদিন ধরে নদীপথে ইয়াবা পাচার করে আসছে এই সংঘবদ্ধ চক্রটি।

উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান জানান, হানিফ ও দেলোয়ার নামে দুজনকে ৫ হাজার ইয়াবাসহ আটকের পর কালুরঘাট ফাঁড়িতে নিয়ে যাচ্ছিল চান্দগাঁও থানা পুলিশ। এ সময় ওই এলাকার কিছু ট্রান্সজেন্ডার পুলিশের ওপর হামলা করে আসামিদের ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনার সময় পুলিশের ফাঁকা গুলিতে নাজমা নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, শনিবার রাতে এক নারীর মৃত্যুর সংবাদ শুনেছি, তবে নাম পরিচয় জানি না।




