
রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ চৌরাস্তা এলাকায় একটি বেকারির ইলেক্ট্রিক ওভেন বিস্ফোরণে মোজাম্মেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কুইন নামে ওই বেকারির ব্যবস্থাপক মো. নাজমুল হাসান জানান, হাশেম রোডে সুপার ফুড কারখানায় কাজ করে মোজাম্মেল। বছরখানেক আগে সে তাদের এই বেকারিতে কাজ করত। সেই সুবাদে রাতে এখানে সময় কাটাতে এসেছিল। বেকারির ভিতরে বিস্কুট গরম করার ওভেনের সামনে দাড়িয়ে কথা বলছিল সে। এমন সময় ইলেক্ট্রিক ওভেনটি বিস্ফোরিত হয়। এতে মোজাম্মেলের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোজাম্মেলের বাড়ি হবিগঞ্জ জেলায়। তবে বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি কেউ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।




