
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৮ ডিসেম্বর) যশরা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় মদিনা শহরের ইয়ানবোতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো. ওয়ায়েজ উদ্দিনের ছেলে কবির হোসেন (৩৫)। তিনি মদিনায় গাড়ি চালাতেন।
নিহতের চাচাতো ভাই সোহেল মিয়া বলেন, কবির হোসেন প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে থাকেন। তিন বছর আগে বাড়িতে এসে বিয়ে করে আবারও সৌদিতে ফিরে যান। এরপর আনুমানিক দেড় বছর আগে বাড়িতে এসে আবারও সৌদিতে চলে যান। কিছুদিনের দিনের মাঝে আবারও দেশে আসার কথা ছিল।
চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল বলেন, সন্ধ্যায় সড়কের পাশে গাড়ি থামিয়ে কবির বসে ছিলেন। এ সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।




