
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আর্জেন্টাইন ভক্তরা ১ হাজার ৬০ ফুট লম্বা পতাকা নিয়ে র্যালি করে সাড়া ফেলে দিয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জেলার সরিষাবাড়ি পৌর শহরের ধানআটা এলাকার মাসুদুর রহমানের আয়োজনে এই র্যালি করা হয়।
এ র্যালিতে আরেক ভক্ত ৩শ ফুট লম্বা পতাকা নিয়ে যোগ দেন। র্যালিটি আরামনগর মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ র্যালিতে শত শত আর্জেন্টাইন ভক্তরা অংশগ্রহণ করে।
র্যালিতে অংশ নেওয়া আর্জেন্টাইন ভক্ত মাসুদুর রহমান বলেন, আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। এ দলের মেসির খেলা খুব ভালো লাগে। মেসির খেলার নৈপুণ্য দেখেই তার ভক্ত হয়ে গেছি। সেই ভালোবাসা থেকে ১ হাজার ৬০ ফুট লম্বা একটা পতাকা তৈরি করেছি। এ পতাকা তৈরি করতে দর্জির তিন দিন সময় লেগেছে। এতে আমার ৩০ হাজার টাকা খরচ হয়েছে।
উল্লেখ্য, আগামী ২০ তারিখ স্বাগতিক কাতার সঙ্গে ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। ৬৩ ম্যাচের এই লড়াই আগামী ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে।




