
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় মোঃ কামাল হোসেনের(৫৫) বিরুদ্ধে খাবারের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্ জাহান। এ ঘটনায় অভিযুক্ত কামালকে আটক করা হয়েছে।
বুধবার(২৩শে নভেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগীতায় মুক্তা ভবন থেকে তাকে আটক করে পুলিশ।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করা হয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ভূক্তভোগী শিশুটির মা জানান, আটক হওয়া কামাল হোসেন ও শিশুটির পরিবার একই বিল্ডিংয়ে ভাড়া বাড়িতে থাকেন। গত শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার সময় শিশুটি খেলাধুলা করছিল। ধর্ষক কামাল হোসেন তাকে খাবারের লোভ দেখিয়ে সুকৌশলে তিনতলার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটি তার পেটে ও স্পর্শকাতর জায়গায় ব্যথা করার কথা তার মাকে জানায়। এরপর তার মা অন্যান্য শিশুদের সাথে আলাপ করে জানতে পারে তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির মা আরো জানান, এর আগেও চার-পাঁচবার ধর্ষণের চেষ্টা করেছে এই কামাল।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, শিশু ধর্ষণের অভিযোগে কামাল নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।




