
কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে এখনও বাস বন্ধের খবর আসেনি। তারপরও নেতাকর্মীরা আগেই সমাবেশস্থলে আসছেন।
বিএনপি নেতারা জানান, ইতোমধ্যে কুমিল্লার পাশের জেলাগুলো থেকে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছেছেন। অন্য সমাবেশগুলোর মতো কুমিল্লা বিভাগেও যারা ধর্মঘটের আশঙ্কা করছেন, তারা আগেই চলে আসছেন।
রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের টাউন হল মাঠ ঘুরে দেখা গেছে সমাবেশস্থলে শত শত নেতাকর্মী জড়ো হয়েছেন। বেশিরভাগের হাতেই ব্যাগ। এদের অধিকাংশ যুবক। তবে বৃদ্ধও আছেন।
বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, বাস বন্ধের কোনো খবর এখনও আসেনি। আর বাস বন্ধ করেও লাভ হবে না। নেতাকর্মীরা কুমিল্লায় চলে আসছেন। যে করেই হোক নেতাকর্মীরা কুমিল্লায় পৌঁছাবেন। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেওয়ার খবর আসছে। তবে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। এবারের সমাবেশে কুমিল্লায় ইতিহাস হবে।




