
বিআরটিসি পরিবহনের একটি বাস থেকে ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সংগঠনের সদস্যরা।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন বহালগাছিয়া খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে কলাপাড়া পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ডে বিআরটিসি পরিবহনে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।
‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’ সংগঠনের কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েত আহসান জানান, বস্তায় করে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বাসে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কচ্ছপ বহনকারী কাউকে শনাক্ত করা যায়নি।
পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক গণমাধ্যমকে মো. তারিকুল ইসলাম জানান, উদ্ধারের পরে ৪৮টি সুন্ধি কচ্ছপ পটুয়াখালী বন বিভাগে নিয়ে আসা হয়। পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন সরকারি খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।




