
পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে আমতলী হাফিজিয়া মাদরাসা হেফজ বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবু সাঈদ (১৭) উপজেলার পশ্চিম ধানখালী গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটন নগরী কুয়াকাটা ভ্রমণ শেষে আবু সাঈদ তার বেয়াই জুনায়েতকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরছিল। এ সময় রজপাড়া এলাকায় পৌঁছালে সড়কের মোড় ঘুরতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




