
দশ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌবন্দরে আটকা পড়েছে অর্ধশতাধিক পণ্যবাহী কারগো জাহাজ। কর্মবিরতির কারণে পণ্যবাহী জাহাজ থেকে বন্ধ রয়েছে পণ্য খালাস। এতে করে স্থবির হয়ে পড়েছে নদী বন্দরের কার্যক্রম।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার জানান, নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে ১০ লক্ষ টাকা মজুরিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্ম বিরতি চলছে। দাবি না হওয়া পর্যন্ত আমাদের কর্ম বিরতি অব্যাহত থাকবে।




