
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ বাসার দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- স্ত্রী বেবী আক্তার (২০) ও স্বামী রবিউল ইসলাম (২৫)।
পুলিশ জানিয়েছে, দুপুর ২টার পর থেকেই রবিউল ও বন্যার কোনো সাড়া পাচ্ছিলেন না বাড়ির মালিক। বিকেল ৪টার দিকে প্রতিবেশীরা দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া পাচ্ছিলেন না। খবর পেয়ে পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। রবিউলের লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল। তার মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আমরা বুঝতে পারবো ঘটনা কী।




