
গাজীপুরে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর এক তরুণীকে (১৯) বিয়ের কথা বলে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই তরুণীর কথিত প্রেমিকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন গাজীপুরের মহানগরীর টঙ্গীর মরকুন এলাকার লুৎফর রহমানের ছেলে প্রেমিক আসাদুজ্জামান শাওন (২৮) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বাবুল হোসেন বাবু (২৭)।
ধর্ষণের শিকার তরুণী জানান, গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকার একটি বাড়িতে তারা ভাড়া থাকেন। সম্প্রতি ফেসবুকে তার সঙ্গে শাওনের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের কথা বলে তাকে ওই বাড়া বাসায় ডেকে একাধিকবার ধর্ষণ করে শাওন।
এরপর মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে শাওন ফোনে দিয়ে ওই তরুণীকে দেখা করতে বলে। কিন্তু রাত হয়ে যাওয়ায় যেতে না চাইলে অপর আসামি বাবু হুমকি দেয়। পরে ওই তরুণী বাধ্য হয়ে সেখানে যান। সেখানে বাবু ও পলাতক আসামি রিপন মিয়া তার মুখে গামছা গিয়ে চেপে ধরে জোরপূর্বক নিয়ে যায়। সেখানে কথিত প্রেমিকসহ তিন জন তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় তিন জনকে আসামি করে ভিকটিম থানায় মামলা করেছেন। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




