
না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরী। গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে বাবার স্মৃতিচারণ করে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি লিখেছেন, ২৭ ডিসেম্বর বাবা আমাদের সবার মায়া-মমতা ত্যাগ করে, ইহলোক ছেড়ে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তার শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেল এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে। সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গিয়েছিলাম যে, বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি।
চঞ্চল চৌধুরী আরও লেখেন, সারা বাড়িময়, ঘরময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে, ‘চঞ্চল...বাবা ঘুমাইছো?’ বাবার কোনো কথা আর কোনোদিন কানে বাজবে না, বাবাকে দেখতে পাব না, এগুলো কোনোভাবেই মেনে নিতে পারছি না। যখন এই কথাগুলো লিখছি, শীতের এই সকালে, বাবার শালটাই আমার শরীরে জড়ানো। যে জায়গায় রোদে বসে আছি, এ জায়গায় বসেই বাবা রোদ পোহাতো। রোদের উষ্ণতা নয়, বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরছি এখন। বাকি জীবনটা হয়তো এভাবেই খুঁজতে হবে।
কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা লিখেছেন, বাবার প্রয়াণে যেসব সুহৃদ আমাদেরকে নানানভাবে সমবেদনা জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা।




