
ভূমিদস্যুদের অত্যাচার থেকে নারীশিক্ষা বিস্তারের অগ্রদূত সমাজসেবক একুশে পদকপ্রাপ্ত নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর লাকসামের পশ্চিম গাঁয়ের নবাববাড়িটি রক্ষার দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে স্থানীয় এলাকাবাসী ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ি ও তার সব সম্পত্তি রক্ষার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ মেজর মিতা সাফিনাজ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু সাইদ বাচ্চু, আবদুল আজিজ, নওয়াব ফয়জুন্নেছা বদরুন্নেসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল।
উল্লেখ্য, নারী শিক্ষার অগ্রদূত মহারানী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী লাকসামসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে রয়েছেন। তার হাতে গড়া মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি।




