
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশফাকুর রহমান শাতিল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট ১৩ নম্বর রোডে সংঘটিত এ ঘটনায় নিহত শাতিল বি এন স্কুল এন্ড কলেজের ছাত্র।
একই ঘটনায় সোয়াইব (১৮) ও রূপম দত্ত (১৯) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের সিভিল চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
রোববার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার তয়াছির জাহান বাবু।
এ ব্যাপারে আহত রূপম দত্ত বলেন, তিন দিন আগে মেরুল বাড্ডার রকি নামে এক যুবককে নাম ধরে ডাকায় আমার সঙ্গে ঝগড়া হয়। পরে আমার গলায় রকি চাকু ধরেছিল সেটি শাতিল দেখে ফেলেছিল। আজ (৪ ডিসেম্বর) রাতে রকি কয়েকজন নিয়ে ১৩ নম্বর রোডে আসে। সেসময় রকি বলে, ওই বেটা বিচার দিছোস কার কাছে, পরে আমাকে চড় থাপ্পড় মারতে থাকে। তা দেখে শাতিল এগিয়ে গেলে তার বাম পায়ে, সোয়াইবের বুকে ও আমার পিঠে ছুরিকাঘাত করে আহত করে।’
নিহতের স্বজন হিল্লোল চৌধুরী জানান, রোববার সন্ধ্যায় শাতিল পড়তে বসছিল। বারবার বাইরে থেকে বন্ধুরা ফোন দিচ্ছে। পরে শাতিল বলে একটু দেখা করে আসি কি ঘটনা। পরে খবর পাই ছুরিকাঘাতে খুন হয়েছে। শাতিল বিএন কলেজের কমার্সের পরীক্ষার্থী ছিল।
মেরুল বাড্ডায় ৬১ নং বাসায় থাকতেন শাতিল। তার বাবার নাম মনিরুজ্জামান চৌধুরী সজল, তিনি ট্রান্সকম ডিস্ট্রিবিউশনের সেলসম্যান।




