
চিকিৎসার অবহেলায় ব্রাহ্মণবাড়িয়ায় একটি ক্লিনিকে গর্ভের সন্তানসহ খাদিজা বেগম (৪৫) নামের এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গ্রীন ভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেয়াই গ্রামের প্রবাস ফেরত নয়ন মিয়ার স্ত্রী। তার ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
স্বামী নয়ন মিয়া অভিযোগ করে বলেন, শনিবার (৩ ডিসেম্বর) রাতে খাদিজার বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে ওই হাসপাতলে এনে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার জিনিয়া খানের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। এ সময় তার শারীরিক পরীক্ষা শেষে অক্সিজেন লাগানোর পর জানানো হয় গর্ভের সন্তান নাড়াচাড়া করবে। কিন্তু সারা রাতেও গর্ভের সন্তান নাড়াচাড়া করেনি।
তিনি বলেন, এমনকি রোববার সকাল ১১ টায়র দিকেও চিকিৎসক খাদিজাকে দেখতে আসেননি। পরে চিকিৎসককে জোর করলে তিনি এসে আল্ট্রাসনোগ্রাম করে খাদিজার গর্ভের সন্তানটি মারা গেছে বলে আমাকে জানিয়েছেন। এরপর চিকিৎসক মৃত সন্তান ডেলিভারি করার ব্যবস্থা করেন। কিন্তু ডেলিভারি করার সময়ে খাদিজার অবস্থার আরো অবনতি হয়। একপর্যায়ে তার শরীরে খিচুনি ও শ্বাসকষ্ট শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই খাদিজার মৃত্যু হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ঘটনাটি তদন্তের জন্য সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে পাঠানো হবে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম বলেন, খাদিজা নামের একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




