
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ বিশ্বাসের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার (ওসি তদন্ত) মাহফুজুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৫ ডিসেম্বর) রাত ১০টায় পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড পুরাতন জেলখানা মোড়ে অবস্থিত বাসভবনে এ ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তিনতলা বিশিষ্ট বাসভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বেসিক ব্যাংকের বাইরের কাঁচের কয়েকটি স্থান ভেঙে গেছে।
ভবনটির দ্বিতীয় তলায় থাকা বেসিক ব্যাংক লিমিটেডের শাখা ব্যাপস্থাপক জানান, সোমবার রাত ১০টার দিকে ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকজন দুর্বৃত্তরা। এ সময় কাঁচ ভেঙে যায়।
এবিষয়ে জানতে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম একই ভবনে বসবাস করেন। তিনি বলেন, সোমবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে তিনজন আরোহী এসে হঠাৎ ভবনের দিকে ইটপাটকেল মেরে পালিয়ে যায়। এ সময় দ্বিতীয় তলার কাঁচ ভেঙে যায়। হামলার পর পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে আসে। এ ছাড়া হামলার সময় বাসভবনে সাবেক এমপি আব্দুল ওদুদ বাসাতেই ছিলেন।
এ বিষয়ে ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরীর জানান, সোমবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




